খওফ ও খাশিয়াত বা খোদাভীতি (পর্ব 2)
📚মুকাশাফাতুল-কুলুব ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)
হযরত আবুল-লাইস (রহঃ) বলেছেনঃ সপ্তম আসমানে আল্লাহ তা'আলা অসংখ্য ফেরেস্তা সৃষ্টি করে রেখেছেন। সৃষ্টিলগ্ন থেকেই তারা আল্লাহ তাআলার আরাধনায় সিজদারত অবস্থায় মগ্ন রয়েছে এবং কিয়ামত পর্যন্ত এভাবেই থাকবে। আল্লাহ তা'আলার ভয়ে তাদের পাজর সর্বদা প্রকম্পিত থাকে। কিয়ামতের দিবসে তারা মস্তক উত্তোলনপূর্বক বলবে,- "আয়আল্লাহ ! আপনি পাক পবিত্র, আপনার হক আদায় করে যেভাবে ইবাদত করা আমাদের কর্তব্য ছিল তা আমরা করতে পারি নাই"। যেমন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে,- "তারা তাদের উপর পরাক্রমশালী তাদের রব্বকে ভয় করে এবং তারা যা আদেশ পায় তা করে।” ( সূরা নাহল, আয়াত : ৫০)
অর্থাৎ, তারা এক মুহূর্তের জন্যেও আল্লাহ তা'আলার ভয়-ভীতি হতে চিন্তামুক্ত হয় না।
হুযুর আকরাম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন-"আল্লাহর ভয়ে যখন বান্দার শরীর কম্পমান হয়, তখন তার পাপরাশি এইরূপে ঝরে পড়ে যেমন বৃক্ষ হতে শুষ্কপত্র ঝরে পড়ে।"
একদা এক ব্যক্তি জনৈকা নারীর প্রতি প্রেমাসক্ত হয়। কোন প্রয়োজনে সেই মহিলা গৃহ হতে বের হলে প্রেমিক তার পশ্চাদানুসরণ করতে থাকে। এভাবে এক বনভূমিতে দুজন একত্রিত হয়। আশেপাশের লোকজন নিদ্রাভিভূত হওয়ার পর একান্ত মুহূর্তে পুরুষ উক্ত মহিলার নিকটতার মনোকামনা ব্যক্ত করে। তখন মহিলা তাকে জিজ্ঞাসা করলো, - “সকলেই কি ঘুমিয়ে গেছে"? শুনে মহিলার সম্মতি অনুমান করে লোকটি কাফেলার চতুর্পাশ প্রদক্ষিণ করে জানালো, - সকলেই ঘুমিয়ে গেছে; কেউ সজাগ নাই। অতঃপর মহিলা তাকে জিজ্ঞাসা করলো, — “ মহান আল্লাহ তাআলা সম্পর্কে তোমার কি ধারণা; তিনিও কি এ সময় ঘুমিয়ে আছেন? লোকটি বললো, - “আল্লাহ্ তা'আলা ঘুমান না; নিদ্রা বা তন্দ্রা তাকে স্পর্শ করেনা। মহিলা বললো, - “যে সত্তা ঘুমান নাই এবং যিনি কখনও ঘুমাবেন, সর্বদা সজাগ ও চিরঞ্জীব সেই সত্তা আমাদেরকে দেখছেন; যদিও অন্যান্য লোকজনের কেউ আমাদেরকে দেখছে না। সুতরাং এমতাবস্থায় আমাদের অধিকতর ভীত-শঙ্কিত হওয়া উচিত। মহিলার এবক্তব্য শুনে লোকটির অন্তরে আল্লাহর ভয় সঞ্চারিত হলো এবং তৎক্ষণাৎ সত্যিকার তওবা করে সে উক্ত গর্হিত কাজ পরিত্যাগ করলো।
কিছুকাল পর সে মারা গেলে এক ব্যক্তি স্বপ্নযোগে তাকে জিজ্ঞাসা করেছিল, আল্লাহ তা'আলা আপনার সঙ্গে কেমন ব্যবহার করেছেন?
উত্তরে সে বলেছে : “আল্লাহর ভয়ে আমি পাপকার্য হতে বিরত হওয়ার কারণে তিনি আমাকে ক্ষমা করে দিয়েছেন।"
বনী ইসরাঈল গোত্রে একজন আবেদ লোক ছিলেন। পরিবার-পরিজন নিয়ে দারিদ্র অবস্থায় জীবন-যাপন করতেন। একদা জঠর জ্বালায় অস্থির হয়ে সন্তানদের জন্য কিছু খাবারের ব্যবস্থা করার উদ্দেশে তিনি স্ত্রীকে বাহিরে পাঠালেন। স্ত্রী জনৈক ধনাঢ্য ব্যক্তির দারস্থ হয়ে সন্তানদের জন্য কিছু প্রার্থনা করলে লোকটি বললো, - “অবশ্যই আমি তোমাকে কিছু দান করবো; কিন্তু শর্ত হচ্ছে আমি কিছুক্ষণের জন্য তোমাকে ভোগ করতে চাই। একথা শুনে স্ত্রীলোকটি নিশ্চুপ গৃহে ফিরে আসলো। গৃহে এসে দেখে সন্তানরা ক্ষুধার যন্ত্রণায় কান্নাকাটি করছে এবং মরণাপন্ন অবস্থায় উপনীত হয়েছে। মাকে দেখে ওরা তার কাছে খাবারের জন্য আর্তি করতে লাগলো। স্ত্রীলোকটি সন্তানদের এহেন কষ্ট সহ্য করতে না পেরে পুনরায় সেই লোকটির দারস্থ হয়ে প্রার্থনার পুনরাবৃত্তি করলো। স্ত্রীলোকটি প্রথমবারের বিপরীত এবার দেহ দানের জন্য রাজী হয়ে গেল।
অতঃপর ধনাঢ্য লোকটি স্বীয় মনোকামনা পূরণের জন্য যখন উদ্যত হলো, তখন স্ত্রীলোকটির সর্বশরীর হঠাৎ এমনভাবে কাপতে আরম্ভ করলো যে, তার শরীরের জোড় গ্রন্থিসমূহ যেন উপড়ে যাবে।
লোকটি জিজ্ঞাসা করলো, – তোমার এ অবস্থা হচ্ছে কেন'?
স্ত্রীলোকটি বললো, — “আমি মহান সৃষ্টিকর্তাকে ভয় করি, ফলে আমার এ অবস্থা হয়েছে।
লোকটি বললো,- তোমার এহেন ভূখা-ফাকা ও দারিদ্রাবস্থায়ও আল্লাহর প্রতি তুমি এত প্রবল ভীতি ও শঙ্কা বোধ করছো ! তাহলে তো আমার পক্ষে আল্লাহকে আরও অধিক ভয় করা উচিত।
এ কথা বলে সে উক্ত গর্হিত কাজ হতে বিরত হয়ে গেল এবং স্বচ্ছ অন্তরে মহিলাকে তার প্রয়োজনের চাইতেও অধিক মাল-সম্পদ দিয়ে বিদায় করলো।
মহিলা ঘরে ফিরে পরিবার-পরিজনকে নিয়ে আনন্দচিত্তে সকলের জঠর-জ্বালা নিবারণ করলো।
অতঃপর আল্লাহ্ তা'আলা হযরত মূসা (আঃ) -এর নিকট এই মর্মে ওহী প্রেরণ করলেন যে, “হে মুসা ! তুমি আমার সেই ধনাঢ্য বান্দাকে সুসংবাদ শুনিয়ে দাও যে, আমি তার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছি।
অতঃপর হযরত মূসা (আ.) সেই বান্দার নিকট গমন করে বললেন, "তুমি এমন কি সৎকাজ করেছো? যার ফলে আল্লাহ তাআলা তোমার প্রতি সন্তুষ্ট হয়ে তোমার সমস্ত গুনাহ মাফ করে দিয়েছেন"। লোকটি হযরত মূসা আলাইহিস সালামকে পূর্বাপর সম্পূর্ণ ঘটনা শুনালো।অতঃপর হযরত মুসা (আ.) তাকে ওহীর মাধ্যমে প্রাপ্ত সুসংবাদটি শুনিয়ে বিদায় নিলেন।
হযরত নবী করীম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ইরশাদ করেন, মহামহিমান্বিত আল্লাহ তা'আলা বলেন "আমি কখনও স্বীয় বান্দার মধ্যে দুইটি ভয় এবং দুইটি অভয় একত্রিত করি না। যে বান্দা ইহজগতে আমার ভয়ে থাকবে, পরকালে আমি তাকে নির্ভয় রাখবো ! আর যে-ব্যক্তি ইহলোকে আমা হতে নির্ভয় থাকবে, পরলোকে আমিতাকে ভীত-সন্ত্রস্ত রাখবো।" আল্লাহ্ তা'আলা ইরশাদ করেন, "তোমরা লোকদেরকে ভয় করোনা; ভয় আমাকেই কর।” (মায়িদাহঃ ৪৪)
তিনি আরও ইরশাদ করেন, "তোমরা তাদেরকে ভয় করো না; ভয় আমাকেই কর, যদি তোমরা প্রকৃত ঈমানদার হয়ে থাক।" (আলে - ইমরান : ১৭৫)
আমীরুল মুমেনীন হযরত উমর ফারুক (রা.) আল্লাহর ভয়ে মাটিতে ঢলে পড়তেন। তিনি কুরআনের কোন আয়াত শ্রবণ করলে মুর্ছিত হয়ে যেতেন। একদা একটি খড়কুটা হাতে নিয়ে তিনি বললেন, — “হায় ! আমি যদি এই খড়কুটাটিই হতাম; আমাকে যদি কেউই উল্লেখ না করতো।” তিনি প্রায়ই আক্ষেপ করে বলতেন : ‘ হায় ! কতই না ভাল হতো, যদি উমর মাতৃগর্ভ থেকে ভূমিষ্ঠই না হতো। আল্লাহ্ তা'আলার ভয়ে তিনি এত অধিক পরিমাণে ক্রন্দন করতেন যে, অবিরাম ধারায় অশ্রু প্রবাহিত হওয়ার কারণে তাঁর গন্ডদ্বয়ের উপর দুটি কৃষ্ণবর্ণ রেখাপড়ে গিয়েছিল।
হযরত নবী করীম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন- "আল্লাহর ভয়ে যে-ব্যক্তি রোদন করে, সে দোযখে প্রবেশ করবে না, যেমন স্তন হতে নির্গত দুগ্ধ পুনরায় স্তনে প্রবেশ করে না।"
‘রাকায়েকুল- আখবার' কিতাবে আছে : কিয়ামতের দিন এক ব্যক্তিকে আল্লাহর দরবারে উপস্থিত করা হবে। প্রচুর পাপের কারণে তাকে জাহান্নামে নিক্ষেপ করার হুকুম দেওয়া হবে।এমন সময় তার চোখের একটি পশম কথা বলবে এবং আরজ করবে : হে পরওয়ারদিগার ! আপনার প্রিয় হাবীব (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) বলেছেন, -"যে ব্যক্তি আল্লাহ তা'আলার ভয়ে ভীত হয়ে ক্রন্দন করবে, সেই ব্যক্তির চক্ষুর জন্য আল্লাহ্ তা'আলা দোযখের আগুন হারাম করে দিয়েছেন।"
আর আমি আপনার ভয়ে ভীত হয়ে ক্রন্দন করেছি। অতএব আমি আপনার নিকট দোযখের অগ্নি হতে মুক্তি প্রার্থনা করি।
অতঃপর আল্লাহ তা'আলা এই পশমকে মুক্তি দিবেন এবং এই একটি পশমের ওসীলায় সেই বান্দাকেও দোযখের অগ্নি থেকে মুক্তি দান করবেন।
তারপর হযরত জিবরাঈল (আ.) উচ্চস্বরে ঘোষণা করে দিবেন যে, — “অমুক বান্দাকে শুধুমাত্র একটি পশমের ওসীলায় দোযখের আগুন থেকে মুক্তি দেওয়া হয়েছে।”
‘বিদায়াতুল- হিদায়াহ' কিতাবে আছে : কিয়ামতের দিন জাহান্নামকে সকলের সম্মুখে উপস্থিত করা হবে। তখন ভয় ও আতঙ্কের আতিশয্যে হাশরের ময়দানে উপস্থিত সকলেই হাঁটুগেড়ে ভূতলে আছড়িয়ে পড়বে। যেমন পবিত্র কুরআনে ইরশাদ হয়েছে - "আপনি প্রত্যেক উম্মতকে দেখবেন নতজানু অবস্থায়। প্রত্যেক উম্মতকে তাদের আমলনামা দেখতে বলাহবে। তোমরা যা করতে অদ্য তোমাদেরকে তার প্রতিফল দেওয়া হবে।" (জাসিয়াহ : ২৮)
জাহান্নামকে উপস্থিত করা হলে সমবেত সকলেই জাহান্নামের কুদ্ধ গর্জন ও হুংকার শুনবে।
এ হুংকার ও গর্জন পাঁচশত বৎসরের পথ পরিমাণ দূরত্ব হতেও শ্রুত হবে। এহেন ভয়াবহঅবস্থায় প্রত্যেকেই এমনকি আম্বিয়ায়ে কেরাম পর্যন্ত কেবল নিজের চিন্তায় ব্যস্ত থাকবেন এবং 'নাফসী' 'নাফসী' উদ্বেগ করবেন। একমাত্র প্রিয়নবী (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) উম্মতের জন্য চিন্তা করবেন এবং 'উম্মতী' 'উম্মতী' বলে বেকারার থাকবেন।
এ সময় জাহান্নাম থেকে পর্বতসম উচু হয়ে অগ্নিশিখা বের হতে থাকবে। উম্মতে মুহাম্মদী এই ভয়াবহ অবস্থা দূর করার জন্য প্রয়াস চালাবে এবং এই বলে দো'আ করবে, — “হে অগ্নি : নামাযী ব্যক্তিদের ওসীলায়, দান-খয়রাতকারী গণের তোফায়লে, নিষ্ঠাবান ও রোযাদার লোকদের দোহাই — তুমি তোমার এই ভয়াবহতা নিয়ে আমাদের থেকে দুরে সরে যাও।
এদিকে হযরত জিবরাঈল (আঃ) সজোরে চিৎকার করে বলে উঠবেন? ওই যে সেই ভয়াবহ অগ্নি হযরত মুহাম্মদ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর উম্মতের দিকে অগ্রসর হচ্ছে। একথা বলে হযরত জিব্রাঈল (আঃ) পানিভর্তি একটি পাত্ৰ এনে হুযুর আকরাম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এর হস্ত মুবারকে দিয়ে বলবেন, "এই নিন পানির পেয়ালা; এই পানি আপনি দোযখের অগ্নির উপর ছিটিয়ে দিন।"
হুযুর (সাল্লাল্লাহু আলাইহি ওয়াআলিহি ওয়াসাল্লাম) তৎক্ষণাৎ সেই পানি দোযখের অগ্নির উপর ছিটিয়ে দিবেন । ফলে, সেই ভয়াবহ অগ্নি মুহুর্তের মধ্যে নির্বাপিত হয়ে যাবে।
অতঃপর আল্লাহর রাসূল (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) হযরত জিবরাঈল(আঃ)-কে জিজ্ঞাসা করবেন, - “হে জিবরাঈল ! বলুন, এটা কিসের পানি?”
হযরত জিব্রাঈল (আঃ) জওয়াবে বলবেন : ‘এটা আপনার উম্মতের মধ্যে গুনাহ্গার লোকদের অশ্রুজল, যা খোদার ভয়ে রোদন করার কারণে তাদের চোখ হতে নির্গত হয়েছে;
অদ্যকার এ ভয়াবহ পরিস্থিতিতে দোযখের অগ্নি নিবারণের জন্য এ পানি আপনাকে দিতে আমাকে হুকুম করা হয়েছে এবং গোনাহগার লোকদের এই আঁখিজলের ওসীলায়ই আল্লাহ্ তা'আলা দোযখের ভয়াবহ অগ্নিকে নির্বাপিত করে দিয়েছেন।"
হুযুর আকরাম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) সর্বদা আল্লাহর দরবারে এইবলে দো'আ করতেন। "হে আল্লাহ ! আপনি আমাকে দুটি ক্রন্দসী চক্ষু দান করুন, যে দু'টির দ্বারা আমি আপনার ভয়ে রোদন করতে পারি — সেই (হাশরের) দিন উপস্থিত হওয়ার পূর্বেই, যেদিন রক্তের অশ্রু কাঁদতে হবে।"
জনৈক কবি বলেছেন : 'ওহে চক্ষুযুগল ! আমার কৃত পাপকার্যের উপর তোমরা রোদন করকেন? আফসুস ! জীবনের মুহূর্তগুলো গাফলত ও শৈথিল্যের মধ্য দিয়েই শেষ হয়ে গেল; অথচ আমি তা টেরও করতে পারলাম না।
হুযুর আকরাম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেন " কোন বান্দার চক্ষু হ'তে আল্লাহর ভয়ে যদি অন্ততঃপক্ষে মক্ষিকার মস্তক পরিমাণ অশ্রু নির্গত হয়েতার মুখমণ্ডলকে উষ্ণ করে, তাহলে তার জন্য দোযখের অগ্নি হারাম হয়ে যাবে।
হযরত মুহাম্মদ ইবনে মুযির (র.) যখন আল্লাহর ভয়ে রোদন করতেন, তখন নির্গত অশ্রু স্বীয় মুখমণ্ডল ও দাড়িতে মর্দন করে বলতেন, —এই অশ্রুজল যে-যে স্থানে পৌঁছবে, সেসব স্থানকে দোযখের অগ্নি স্পর্শ করবে না।
অতএব প্রত্যেক ঈমানদার ব্যক্তির কর্তব্য, —আল্লাহর ভয়াবহ আযাব ও শাস্তির কথা স্মরণকরে ভীত-সন্ত্রস্ত হওয়া এবং প্রবৃত্তির অনুসরণ থেকে নিজেকে সর্বদা নিবৃত্ত রাখা ।
আল্লাহ তা'আলা ইরশাদ করেন - “যে ব্যক্তি সীমা লংঘন করে এবং পার্থিব জীবনকে অগ্রাধিকার দেয়, তার ঠিকানা জাহান্নাম।
আর যে ব্যক্তি তার পরওয়ারদিগারের সামনে দণ্ডায়মান হওয়াকে ভয় করে এবং স্বেচ্ছাচারিতা হতে নিজেকে নিবৃত্ত রাখে, তার ঠিকানা জান্নাত। [নাযি'আত (৩৭ , ৩৮ , ৩৯, ৪০)]
আল্লাহ্ তা'আলার আযাব হ'তে আত্মরক্ষা করতে হলে এবং তাঁর দয়া ও অনুগ্রহ লাভ করতে হলে, দুনিয়ার জীবনে দুঃখ-কষ্ট ও মুসীবতের উপর ধৈর্যধারণ করতে হবে। সেইসঙ্গে সর্ববিধ পাপাচার পরিহার করে এক আল্লাহু তা'আলার ইবাদত ও আনুগত্যে আত্মনিয়োগ করতে হবে।
‘যাহরু-রিয়াদ কিতাবে আছে, হযরত নবী করীম (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) ইরশাদ করেছেনঃ “যখন বেহেশতী লোকদেরকে বেহেশতে স্থান দেওয়া হবে, তখন ফেরেশতাগণ সর্বপ্রকার বেহেশতী নেয়ামত ও সাজ-সরঞ্জাম নিয়ে তাঁদের সাদর সম্ভাষণ ও আপ্যায়ন করবে, তাঁদের জন্য মঞ্চ স্থাপন করবে এবং রকমারী খাদ্যসামগ্রী ও ফলমুল পেশ করবে। এসব আয়োজন ও ব্যবস্থাপনা প্রত্যক্ষ করে বেহেশতীগণ হতবাক ও আশ্চর্যান্বিত হবে। তখন আল্লাহ তাআলা বলবেন হে আমার বান্দাগণ ! তোমরা আশ্চর্যান্বিত হচ্ছো কেন? আমারএই বেহেশত কোনরূপ দুঃখ-ক্লেশ ও বিড়ম্বনার স্থান নয়। বেহেশতবাসীরা আরজ করবে, — “হে পরওয়ারদিগার ! আমাদের সাথে আপনার একটি ওয়াদা ছিল, সেটা পূরণ হওয়ার সময়এসে গেছে। তখন আল্লাহ তা'আলা ফেরেশতাদেরকে হুকুম করবেন যে, তোমরা বেহেশতবাসীদের সম্মুখ হতে পর্দা সরিয়ে নাও, কেননা এরা দুনিয়াতে আমাকে স্মরণ করেছে, আমার যিকর করেছে, আমাকে সিজদা করেছে এবং আমার সঙ্গে সাক্ষাত ও দীদারের আকাংখা পোষণ করেছে।
আল্লাহ পাকের নির্দেশে ফেরেশতাগণ যখন পর্দা সরিয়ে নিবে, তখন বেহেশতবাসীরা স্বচক্ষেআল্লাহ তা'আলাকে প্রত্যক্ষ করবে এবং তার সম্মুখে সিজদায় পড়ে যাবে। এ সময় আল্লাহ্ তা'আলা তাদেরকে সিজদা হতে মাথা উঠাতে হুকুম করে বলবেন যে, এটা আমল ও ইবাদতের স্থান নয় এটা ভোগ-বিলাস ও পুরস্কার প্রতিদানের স্থান। এরপর থেকে তারা আল্লাহ্ তাআলার দীদার স্বাভাবিক ভাবেই লাভ করতে সমর্থ হবে। অধিকন্তু আল্লাহ্ তা'আলা তাদের আনন্দবৃদ্ধির জন্য বলবেন, — “হে আমার প্রিয় বান্দাগণ ! তোমাদের উপর সালাম ও শান্তি বর্ষিত হোক, আমি তোমাদের প্রতি সন্তুষ্ট, তোমরাও আমার প্রতি সন্তুষ্ট থাক। বেহেশতবাসীগণ বলবে, — “ আমরা আপনার প্রতি অবশ্যই সন্তুষ্ট; কারণ আপনি আমাদেরকে এমন নেয়ামত দান করেছেন, যা কেউ কোনদিন দেখে নাই, শুনে নাই এবং কল্পনাও করতে পারে নাই"। যেমন আল্লাহ তা'আলা এ মর্মে ঘোষণা করেছেন, "আল্লাহ্ তা'আলা তাদের প্রতি সন্তুষ্ট এবং তারা আল্লাহর প্রতি সন্তুষ্ট।" ( বাইয়িনাহ : ৮)
"করুণাময় পালনকর্তার পক্ষ হতে তাদেরকে বলা হবে ‘ সালাম ' । (ইয়াসীন : ৫৮)
পরবর্তী পর্ব—

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন