এখলাস (পর্ব – ৩)
📚এহইয়া উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)
এক আবেদ ও শয়তানের লড়াই —
বনী ইসরাঈলের ঘটনাবলীতে বর্ণিত আছে, জনৈক আবেদ দীর্ঘদিন ধরে আল্লাহ তা'আলার এবাদতে নিয়োজিত ছিল। একদিন কিছু লোক তার কাছে এসে বলল : এখানে একটি সম্প্রদায় বৃক্ষের পূজা করে।
আবেদ রাগান্বিত হয়ে তৎক্ষণাৎ কুড়াল কাঁধে নিয়ে বৃক্ষটি কেটে ফেলার জন্যে রওয়ানা হল। পথে শয়তান এক বুড়োর বেশে তার সামনে এসে জিজ্ঞেস করল : কোথায় যাওয়া হচ্ছে? আবেদ বলল : আমি অমুক বৃক্ষটি কেটে ফেলতে চাই। বুড়ো বলল : তুমি নিজের এবাদত ও কাজকর্ম ছেড়ে এ বৃক্ষের পেছনে পড়লে কেন? এতে তোমার কি লাভ? আবেদ বলল : এটাও এবাদতের অন্তর্ভুক্ত। বুড়ো শয়তান বলল : আমি তোমাকে এটা কাটতে দেব না।
কথা কাটাকাটি চরমে পৌঁছলে আবেদ বুড়োকে মাটিতে ফেলে দিয়ে তার বুকের উপর চেপে বসল। বুড়ো বলল : আমাকে ছেড়ে দাও। আমি তোমাকে কিছু উপকারী কথা বলতে চাই। আবেদ দাঁড়িয়ে গেল। বুড়ো বলল : আশ্চর্যের বিষয়, আল্লাহ তা'আলা তোমার উপর এ বৃক্ষ কাটা ফরয করেননি। তুমিও এর এবাদত কর না। যদি অন্য কেউ এবাদত করে, তবে তার গোনাহ তোমার উপর বর্তাবে না। ভূ-পৃষ্ঠে আল্লাহর অনেক পয়গম্বর রয়েছেন। আল্লাহর ইচ্ছা হলে বৃক্ষ এলাকায় কোন পয়গম্বর পাঠিয়ে তাকে বৃক্ষ কর্তনের নির্দেশ দেবেন। যে কাজের দায়িত্ব তোমার নেই, তার পেছনে পড়ার প্রয়োজন তোমার আছে কি?
আবেদ বলল : আমি অবশ্যই বৃক্ষটি কর্তন করব। বুড়ো পুনরায় কুস্তি লড়ার ভাব প্রকাশ করলে আবেদ তাকে পুনরায় ভূতলশায়ী করে দিল এবং বুকের উপর চেপে বসল।
বুড়োবেশী শয়তান অপারগ হয়ে বলতে লাগল : এস, আমি তোমাকে আরও একটি কথা বলব, যা তোমার জন্যে নিশ্চিতই উত্তম ও কল্যাণকর হবে। আবেদ বলল : আচ্ছা বল কি বলতে চাও। বুড়োবেশী শয়তান বলল : আগে আমাকে ছেড়ে দাও । এরপর বলব।
আবেদ তাকে ছেড়ে দিল। বুড়ো বলল : তুমি একজন অভাবী মানুষ। পরের দেয়া অন্ন ভক্ষণ কর। আমার মনে হয় অপরকে খাওয়াবার, প্রতিবেশীদের খাতির-আপ্যায়ন করার এবং অমুখাপেক্ষী হয়ে বেঁচে থাকার সাধ তোমার মনেও আছে।
আবেদ বলল : এ সাধ কার না আছে? বুড়ো বলল : তা হলে এখন তুমি ফিরে যাও। আমি এখন থেকে প্রতিরাত্রে তোমার শিয়রে দু'টি দীনার রেখে দেব। ভোরে এগুলো তুলে নিও এবং নিজের ও পরিবার-পরিজনের ভরণ-পোষণে সেগুলো ব্যয় করো। এটা তোমার জন্যে এবং অন্য মুসলমানদের জন্যে বৃক্ষ কর্তনের তুলনায় অধিক উপকারী হবে। এ বৃক্ষটি কেটে কোন লাভ নেই। কারণ, এর জায়গায় অন্য বৃক্ষ রোপণ করা হবে এবং পূজা করা হবে।
আবেদ কিছুক্ষণ চিন্তা করে মনে মনে বললঃ বুড়ো ঠিকই বলেছে। আমি তো পয়গম্বর নই যে, বৃক্ষটি কাটা আমার জন্যে অপরিহার্য হবে। আল্লাহ তা'আলা আমাকে এটা কাটার হুকুমও করেননি, যা না কাটলে আমি নাফরমান সাব্যস্ত হব। সে যে প্রস্তাব দিয়েছে, তাতে উপকারও রয়েছে। অতঃপর উভয়ের মধ্যে দীনারের ব্যাপারে পাকাপোক্ত চুক্তি হয়ে গেল।
আবেদ তার এবাদতখানায় ফিরে এল এবং রাতে ঘুমিয়ে পড়ল। ভোরে সে শিয়রের কাছে দু'টি দীনার পেয়ে তুলে নিল। দ্বিতীয় এবং তৃতীয় দিনও তাই হল। এরপর কোনদিন সে দীনারের দেখা পেল না। সে রাগে অগ্নিশর্মা হয়ে একদিন কাঁধে কুড়াল নিয়ে সে বৃক্ষের উদ্দেশে রওয়ানা হল। পথিমধ্যে বুড়োবেশী ইবলীস ও তার সামনে এসে বলল : কোথায় যাওয়ার ইচ্ছা? আবেদ বলল, সে বৃক্ষ কর্তন করতে যাচ্ছে। ইবলীস বলল : এখন তুমি সে বৃক্ষ কর্তন করতে পারবে না এবং সে পর্যন্ত পৌছুতে সক্ষম হবে না।
একথা শুনে আবেদ প্রথমবারের মত বুড়োকে মাটিতে ফেলে দিতে চাইল। বুড়োবেশী ইবলীস বলল : এখন সে দিন বাসি হয়ে গেছে। অতঃপর সে আবেদকে উপরে তুলে মাটিতে আছাড় মারল এবং লাথির উপর লাথি মারতে লাগল। আবেদকে তার পায়ে বলের মত মনে হচ্ছিল। এরপর ইবলীস তার ছাতির উপর বসে বলল : হয় তুমি এ কার্জ থেকে বিরত হবে, না হয় আমি তোমাকে যবেহ করে ফেলব।
আবেদ নিজের ভেতরে মোকাবিলার শক্তি না পেয়ে হার মেনে নিল এবং বলল : এখন আমাকে ছেড়ে দিয়ে বল পূর্বে আমি কিরূপে জয়ী হয়েছিলাম এবং এখন তুমি কিভাবে জয়ী হলে? ইবলীস বললঃ এর কারণ, পূর্বে তুমি যা করেছিলে, তা আল্লাহর জন্যে করেছিলে এবং এখলাসের বলে বলীয়ান ছিলে। কিন্তু এখন তুমি ক্রোধ ও দুনিয়ার হীন স্বার্থের বশবর্তী হয়ে মাঠে নেমেছ। তাই আমি অনায়াসেই তোমাকে পরাভূত করে দিয়েছি।
সত্যি বলতে কি, উপরোক্ত কাহিনীতে নিম্নোক্ত আয়াতের সত্যায়ন ও সমর্থন পাওয়া যায় - “(শয়তান বলল) আমি অবশ্যই মানুষকে পথভ্রষ্ট করে ছাড়ব। কিন্তু যারা তোমার এখলাস বিশিষ্ট বান্দা, তাদের কথা আলাদা।”
কেননা, এখলাস ছাড়া বান্দা শয়তানের হাত থেকে ছাড়া পায় না। তাই হযরত মারূফ কারখী নিজেকে প্রহার করতেন এবং বলতেন- হে নফস, এখলাস অবলম্বন কর যাতে মুক্তি পাও। ইয়াকুব মককুফ বলেন : এখলাস হচ্ছে নেক কর্মসমূহকে গোপন করা, যেমন কুকর্মসমূহকে গোপন করা হয়।
আবু সোলায়মান বলেন, যার একটি পদক্ষেপও সঠিক হয় এবং তাতে আল্লাহ ছাড়া অন্য কারও নিয়ত না থাকে, সেই সুখী।
একলাসের স্বরূপ

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন