এখলাস (পর্ব – ২)
📚এহইয়া উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)
হাসরের মাঠে যে তিনজনের প্রথম বিচার হবে—
রসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) এরশাদ করেন- “কিয়ামতের দিন তিন ব্যক্তিকে প্রথমে জিজ্ঞাসাবাদ করা হবে। তারা হলেন যথাক্রমে (আলেম, দানবীর ও শহীদ)
(১) যাকে ইলম দান করা হয়েছে তাকে জিজ্ঞাসা করা হবে, তুমি তোমার ইলম দিয়ে কি করেছ? সে বলবে : ইলাহী, দিবারাত্রি আমি এরই খেদমত করেছি। আল্লাহ বলবেন— তুমি মিথ্যা বলছ। তোমার বাসনা ছিল যেন মানুষ তোমাকে আলেম বলে। অতঃপর ফেরেশতারাও তাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ বলবেন : মনে রেখ, তোমাকে দুনিয়াতে আলেম বলা হয়ে গেছে।
(২) যাকে আল্লাহ তা'আলা ধন-সম্পদ দান করেছেন, তাকে প্রশ্ন করবেন- তুমি তোমার ধন-সম্পদ কোথায় ব্যয় করেছ? সে বলবে- পরওয়ারদেগার, আমি দুনিয়াতে দিবারাত্রি সদকা-খয়রাত করেছি। আল্লাহ তা'আলা বলবেন তুমি মিথ্যা বলছ। তৎসঙ্গে ফেরেশতারাও তাকে মিথ্যাবাদী বলবে। আল্লাহ আরও বলবেন, বরং তোমার ইচ্ছা ছিল যাতে মানুষ তোমাকে দানবীর বলে। বস্তুত তা বলা হয়ে গেছে।
(৩) যে আল্লাহর পথে প্রাণ বিসর্জন দিয়েছে, আল্লাহ তা'আলা তাকে বলবেন- তুমি কি করেছ? সে বলবে, ইলাহী, তুমি জেহাদের নির্দেশ দিয়েছিলে। তাই আমি যুদ্ধ করেছি এবং তোমার পথে শহীদ হয়েছি। আল্লাহ বলবেন- তুমি মিথ্যাবাদী। ফেরেশতারাও তাকে মিথ্যাবাদী বলবে এবং আরও বলবে- বরং তোমার উদ্দেশ্য ছিল যাতে মানুষ তোমাকে একজন মহাবীর বলে। তা বলা হয়েছে। এ হাদীসের বর্ণনাকারী হযরত আবু হোরায়রা (রা.) বলেনঃ এরপর রসূলুল্লাহ (সল্লল্লাহু আলাইহে ওয়াআলিহি ওয়াসাল্লাম) আমার উরুতে একটি রেখা টেনে বললেনঃ হে আবু হোরায়রা, সর্বপ্রথম এই তিন ব্যক্তিকে দিয়েই জাহান্নামের আগুন জ্বালানো হবে”। হযরত আবু হোরায়রা হযরত মোয়াবিয়া-এর কাছে গিয়ে এ হাদীস বর্ণনা করলে তিনি কাঁদতে কাঁদতে মৃতপ্রায় হয়ে গেলেন, অতঃপর বললেন : আল্লাহ পাক ঠিকই বলেছেন, – “যারা পার্থিব জীবন ও তার সাজসজ্জা কামনা করে, আমি দুনিয়াতেই তাদের আমলের প্রতিদান পুরোপুরি দিয়ে দেই। তারা এতে ঠকে না”।
পরবর্তী পর্ব —
এক আবেদ ও শয়তানের লড়াই

কোন মন্তব্য নেই:
একটি মন্তব্য পোস্ট করুন