মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

তত্ত্বদর্শন (১৬) আল্লাহ্ সম্বন্ধে মানুষের ধারণা অসম্পূর্ণ



আল্লাহ-পরিচয় (তত্ত্বদর্শন) পর্ব – ১৬
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

আল্লাহ্ সম্বন্ধে মানুষের ধারণা অসম্পূর্ণ —
আল্লাহর পবিত্রতা কি মানুষের পবিত্রতার অনুরূপ? এরূপ ধারণা হইতে আল্লাহ্ আমাদিগকে বাঁচাইয়া রাখুন। তাঁহার তুলনায় মানুষ তো কিছুই নহে। সমস্ত সৃষ্টির সহিত তুলনা হইতে তিনি পবিত্র। মানুষের যে বাদশাহী তাহার নিজ শরীরের উপর চলে আল্লাহ্’র বাদশাহী কি মানুষের এই বাদশাহীর তুল্য? আল্লাহর জ্ঞান ও শক্তি কি মানুষের জ্ঞান ও শক্তির অনুরূপ? নাউযুবিল্লাহ; কখনও নহে, কখনও এরূপ চিন্তা মনে স্থান দিও না। কিন্তু আল্লাহর ঐ সকল গুণের নামেমাত্র সামঞ্জস্য মানবের মধ্যে এইজন্য রাখিয়াছেন যেন সে নিতান্ত দুর্বল ও অসহায় হওয়া সত্ত্বেও পরম করুণাময় আল্লাহ্’র অনুপম সৌন্দর্য ও গুণাবলী কিঞ্চিৎ উপলব্ধি করিতে পারে। ইহা বুঝাইবার জন্য একটি উপমা দেওয়া হইতেছে। কোন বালক আমাকে জিজ্ঞাসা করিল - প্রভুত্ব ও বাদশাহীতে কিরূপ আনন্দ পাওয়া যায়? আমি উত্তরে বলিব ডাণ্ডাগুলী খেলায় যেমন আনন্দ পাওয়া যায় প্রভুত্ব এবং বাদশাহীতেও তদ্রূপ আনন্দ মিলে। এরূপ উত্তর দেওয়ার কারণ এই যে, ঐ বালক ডান্ডাগুলি 
আনন্দ ব্যতীত কোন আনন্দ জানেই না এবং যে আনন্দ সে লাভ করে নাই তাহা কখনও সে বুঝিতে পারিবে না। তবে বালকের হৃদয়ে কোন প্রকার আনন্দের লেশমাত্রও না থাকিলে তাহাকে উহা বুঝান কঠিন হইত। সকলেই জানে যে, বাদশাহীর আনন্দের সহিত ডাণ্ডাগুলীর আনন্দের তুলনা হইতে পারে না। তথাপি উভয়ের নামই আনন্দ। তাই নামের মিলে উভয়ের মধ্যে কিছুটা সাদৃশ্য দেখা গেল। আল্লাহ্’র মারিফাতের ময়দানে যাহারা নাবালক তাহাদিগকে এইরূপ সাদৃশ্য দ্বারাই মা'রিফাতের আনন্দ বুঝাইতে হয়। আল্লাহ্’র মারিফাত সম্বন্ধে যাহা বলা হইল এবং দৃষ্টান্ত দেওয়া গেল তৎসমুদয়ই ঐ প্রকার বালককে ডাণ্ডাগুলীর আনন্দ দ্বারা বাদশাহীর ঐ আনন্দ বুঝানোর ন্যায়। ফলকথা, আল্লাহ্ ব্যতীত তাহার পূর্ণ হাকীকত কেহই বুঝিতে পারে না । 

পরবর্তী পর্ব —
ইবাদত মানব সৌভাগ্যের অন্যতম উপাদান

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...