মঙ্গলবার, ২২ এপ্রিল, ২০২৫

তত্ত্বদর্শন (২) আল্লাহর অস্তিত্বের পরিচয়



আল্লাহ-পরিচয় (তত্ত্বদর্শন) পর্ব – ২
📚সৌভাগ্যের পরশমণি ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)

আল্লাহর অস্তিত্বের পরিচয় —
আল্লাহর অস্তিত্ব বুঝিবার সহজ উপায় : মানব নিজের অস্তিত্ব দেখিয়া আল্লাহ্’র অস্তিত্ব উপলব্ধি করিবে; স্বীয় গুণ দেখিয়া আল্লাহর গুণ চিনিয়া লইবে এবং স্বীয় দেহ-রাজ্যের উপর তাহার যে প্রভুত্ব ও ক্ষমতা চলে তাহা হইতে সমস্ত বিশ্বজগতে আল্লাহর প্রভুত্ব ও ক্ষমতা বুঝিয়া লইবে৷ 
আল্লাহর অস্তিত্বের পরিচয় –
বুঝিতে পারিবে যে, কয়েক বৎসর পূর্বে মানুষ স্বীয় অস্তিত্বের প্রতি লক্ষ্য করিলে তাহার নাম ও নিশানা কিছুই ছিল না। এই  সম্বন্ধে আল্লাহ্ তা’আলা বলেন  : 
“নিশ্চয়ই মানুষের উপর কালের এমন একটি অংশ অতিবাহিত হইয়াছিল যখন সে উল্লেখযোগ্য কোন বস্তুই ছিল না। নিশ্চয়ই আমি পরীক্ষা করিবার উদ্দেশ্যে মানুষকে সম্মিলিত শুক্র-বিন্দু হইতে সৃষ্টি করিয়াছি। তৎপর তাহাকে শ্রবণকারী ও দর্শনকারী বানাইয়াছি”।
 প্রাথমিক অবস্থায় মানুষ এক বিন্দু শুভ্র শুক্ৰমাত্র ছিল। ইহাতে বুদ্ধি, শ্রবণশক্তি, দৃষ্টিশক্তি, মস্তক, হস্ত-পদ, জিহ্বা, চক্ষু, স্নায়ু, অস্থি, গোশ্ত, চর্ম কিছুই ছিল না। অতঃপর ঐ সকল অঙ্গ-প্রত্যঙ্গ ও আশ্চর্য কৌশলপূর্ণ, যন্ত্রসমূহ ইহাতে সংযোজিত হইয়াছে। মানুষ নিজ দেহ নিজে সৃষ্টি করে নাই; বরং অপর কোন সৃষ্টিকর্তা সৃষ্টি করিয়াছেন। কারণ, এখন সে পূর্ণাঙ্গ মানবে পরিণত হইয়াও এক গাছি কেশ পর্যন্ত সৃষ্টি করিতে পারে না। এই বিষয়টির প্রতি লক্ষ্য করিলে বুঝা যাইবে যে, একবিন্দু শুক্ররূপে থাকাকালে মানুষ কত দুর্বল ও অক্ষম ছিল। এমতাবস্থায় নিজের অঙ্গ-প্রত্যঙ্গাদি সে নিজে কিরূপে তৈয়ার করিবে?  সুতরাং মানুষ নিজের প্রাথমিক অবস্থার কথা চিন্তা করিলে আপনা-আপনিই বুঝিতে পারে যে, এক মহাশক্তিশালী সৃষ্টিকর্তা তাহাকে অনস্তিত্ব হইতে অস্তিত্বে আনয়ন করিয়াছেন। অতএব, মানুষ নিজ অস্তিত্বের বিষয় চিন্তা করিতে গিয়া আল্লাহর অস্তিত্ব বুঝিতে পারে। 

পরবর্তী পর্ব —
আল্লাহর গুণাবলীর পরিচয় 

কোন মন্তব্য নেই:

একটি মন্তব্য পোস্ট করুন

বিবাহ (৩৫) কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ

বিবাহ  (পর্ব – ৩৫)  📚এহইয়াউ উলুমিদ্দিন ✍🏻ইমাম গাজ্জালী (রহ.)  কন‍্যার বিয়েতে আদব সংক্রান্ত উপদেশ — পিতামাতার উপর কন্যা সন্তানের হক তাদেরক...